লক্ষ্মীপুর–৩ আসনে জামায়াত প্রার্থীকে ইসির কঠোর সতর্কতা

Feb 7, 2026 - 23:08
 0  0
লক্ষ্মীপুর–৩ আসনে জামায়াত প্রার্থীকে ইসির কঠোর সতর্কতা

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুর–৩ (সংসদীয় আসন–২৭৬) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিমকে কঠোরভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো, ভোটারকে নগদ অর্থ প্রদান এবং ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন–১) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে ড. রেজাউল করিমকে এ বিষয়ে সতর্ক করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৯ জানুয়ারি ২০২৬ লক্ষ্মীপুর–৩ আসনের ৮ নম্বর ওয়ার্ডের একাডেমি রোড এলাকায় মাহফুজা খাতুন (৮৫) নামের এক ভোটারকে নগদ অর্থ প্রদান এবং ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চান ড. রেজাউল করিম। এ ঘটনায় ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান সমন্বয়ক মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি সংশ্লিষ্ট ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

পরবর্তীতে তদন্ত কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে গত ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনে প্রতিবেদন জমা দেয়। কমিশনের মতে, ড. রেজাউল করিমের কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪(১) ও ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

সতর্কবার্তায় নির্বাচন কমিশন জানায়, ভবিষ্যতে পুনরায় আচরণবিধি লঙ্ঘন করলে গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO), ১৯৭২-এর ৯১ক (৬গ) অনুচ্ছেদ অনুযায়ী জরিমানা আরোপ কিংবা প্রার্থিতা বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0